বিসিএস শাখা কমিটিসমূহের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ২০২৬-২৮ মেয়াদকালের শাখা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের সাতটি শাখার প্রাথমিক ফলাফল ১৪ জুন ২০২৬ (রোববার) বিকালে ঘোষণা করা হয়।
বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও টাঙ্গাইল শাখায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাতজন করে প্রার্থী নির্বাচিত হন।
রাজশাহী শাখায় নির্বাচনের প্রার্থী সংখ্যা ১১জন থাকায় রাজশাহীর কাদিরগঞ্জের স্বপ্নচূড়া প্লাজার বাংলাদেশ কম্পিউটার সমিতি রাজশাহী শাখার অডিটোরিয়ামে ব্যালট পেপারের মাধ্যমে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। স্বতঃস্ফূর্ত এই নির্বাচনে সমিতির মোট ৪০ জন ভোটারের মধ্যে ৩৯ জন ভোট প্রদান করেন।
নির্বাচনে সাতজন প্রার্থী নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন-কম্পিউটার হাউসের স্বত্বাধিকারী মো. আরিফ হোসেন, রাজশাহী আইটি সলিউশনের স্বত্বাধিকারী সৈয়দ হুমায়ুন কবির, বর্না কম্পিউটার্সের স্বত্বাধিকারী খোন্দকার জাহাঙ্গীর সিরাজ রানা, সেল কম্পিউটার্সের স্বত্বাধিকারী এস এম মুশফিক-উস-সালেহীন, আই-টেক সিস্টেমসের স্বত্বাধিকারী মো. নূরুজ্জামান, গেটওয়ে কম্পিউটার রাজশাহীর স্বত্বাধিকারী মো. ওয়ালীউল ইসলাম এবং কাজী ব্রাদার্সের স্বত্বাধিকারী কাজী মো. দবিরুজ্জামান।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান কে এম এইচ শহিদুল হক এবং সদস্যদ্বয় মো. জাবেদুর রহমান শাহীন ও মোশারফ হোসেন সুমন নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন।