সিএসআই-আইসিটি ফুটবল টুর্নামেন্ট ২০২৬: চ্যাম্পিয়ন বরিশাল চন্দ্রদ্বীপ লিজেন্ডস
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের পেশাজীবীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও খেলাধুলার সংস্কৃতি গড়ে তুলতে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) বরিশাল শাখার উদ্যোগে আয়োজিত ‘সিএসআই-আইসিটি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে চন্দ্রদ্বীপ লিজেন্ডস। আর রানার্সআপ হয়েছে সুগন্ধা স্ট্রাইকারস।
শুক্রবার (২৪ জুলাই) বরিশাল নগরের গির্জা মহল্লার এ. কে. স্কুল মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা, ব্যবসায়ী ও পেশাজীবীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রথম নকআউট ম্যাচ শুরু হয় সকাল সাড়ে ৮টায়। এতে অংশ নেয় চন্দ্রদ্বীপ লিজেন্ডস ও কীর্তনখোলা ওয়ারিয়র্স। সকাল সাড়ে ৯টায় নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে অংশ নেয় ধানসিঁড়ি ইউনাইটেড ও সুগন্ধা স্ট্রাইকার্স। নকআউট পর্বে জয়ী হয়ে সকাল ১১টায় ফাইনালে মুখোমুখি হয় চন্দ্রদ্বীপ লিজেন্ডস ও সুগন্ধা স্ট্রাইকারস। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে জয়ী হয়ে শিরোপা নিশ্চিত করে চন্দ্রদ্বীপ লিজেন্ডস।
টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব আনোয়ারুল হক তারিন, বিসিএস সেন্ট্রাল কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জনাব মো. আহসানুল ইসলাম নওশাদ, বরিশাল শাখার চেয়ারম্যান জনাব সৈয়দ মো. রইচ উদ্দিন আতিক, ভাইস চেয়ারম্যান জনাব কৃষ্ণা কান্তি কর্মকার, সেক্রেটারি জনাব জিল্লুর রহমান, জয়েন্ট সেক্রেটারি জনাব মো. ইয়াসির আরাফাত মৃধা, ট্রেজারার জনাব মো. ফয়সাল কবীর এবং সদস্য জনাব মো. শহীদুল ইসলাম ও জনাব মাসুক কামাল। এ সময়ে আরও উপস্থিত ছিলেন বরিশাল শাখা কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য জনাব শাহ বোরহান উদ্দিন আহমেদ আদনান।
বিসিএস বরিশাল শাখার চেয়ারম্যান জনাব সৈয়দ মো. রইচ উদ্দিন বলেন, খেলাধুলা শুধু প্রতিযোগিতার নাম নয়, এটি মানুষে মানুষে বন্ধন গড়ে তোলে, ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে এবং দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই বিশ্বাস থেকেই আমরা ‘সিএসআই-আইসিটি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর আয়োজন করেছি। আমাদের লক্ষ্য ছিল বরিশালের তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা, ব্যবসায়ী ও প্রযুক্তিপেশাজীবীদের এক মঞ্চে নিয়ে আসা, যেখানে কর্মক্ষেত্রের বাইরেও পারস্পরিক পরিচয়, সুসম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত তৈরি হবে।
তিনি বলেন, আজকের এই আয়োজন প্রমাণ করেছে, ক্রীড়া মানুষকে একত্রিত করতে পারে। পারস্পরিক আস্থা ও সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তুলতে পারে। আমরা বিশ্বাস করি, এই ঐক্য ও সহযোগিতার চেতনা ভবিষ্যতে বরিশালের আইসিটি খাতকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী দিনেও বিসিএস বরিশাল শাখা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।
টুর্নামেন্টটি আয়োজনে সহযোগিতা করেছে প্রযুক্তি খাতের দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে অ্যানটেক, অ্যাপটেক, অ্যাস্ট্রো, আসুস, আউলা, বেনকিউ, সিএসআই, কিউডি, দাহুয়া টেকনোলজি, ইউরোভিশন, ইভিএন, ফিলিপস, এক্সেল টেকনোলজিস, ইজভিজ, জি অ্যান্ড জি, গিগাবাইট, হ্যাভিট, হিকভিশন, হাইভিশন, এইচপি, ইমো, লেক্সার, মোফি, মোজাইদার ইন্টারন্যাশনাল, মাস্ট, নেটিস, পিসি পাওয়ার, প্রভিডেন্ট টেকনোলজি, সাউথ বাংলা কম্পিউটারস, স্টারেক্স, সিডনি সান ইন্টারন্যাশনাল, ইউসিসি ও ভি-সল।